প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
সিরাজদিখানে বড়দিনের রঙিন উৎসব, বিশেষ নিরাপত্তা
মুন্সিগঞ্জের সিরাজদিখানে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে শুলপুর খ্রিষ্টান পল্লিতে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। বিশেষ প্রার্থনা, বাহারি পিঠা-পুলি আর বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো এলাকা। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসন থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর খ্রিষ্টান পল্লিতে এখন আনন্দের জোয়ার। পৌষের কনকনে শীত উপেক্ষা করে রাত ১২টা ১ মিনিটে মঙ্গল প্রার্থনার মাধ্যমে উৎসবের সূচনা হয়। গত কয়েক বছরের তুলনায় এবারের আয়োজনে বাড়তি উদ্দীপনা দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে গির্জায় সমবেত হন প্রায় দেড় হাজার ধর্মপ্রাণ মানুষ। নতুন পোশাকে শিশু থেকে বৃদ্ধ—সবাই শামিল হন এই মিলনমেলায়। গির্জার ফাদার লিংকন মিথাইল কস্তা জানান, প্রার্থনায় দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনা করা হয়েছে। উৎসব উপলক্ষে গির্জা প্রাঙ্গণে রং-তুলির নকশা এবং ঐতিহ্যবাহী পিঠা-পুলির বিশেষ আয়োজন নজর কেড়েছে।
এদিকে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবার নিরাপত্তার ওপর বাড়তি জোর দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, খ্রিষ্টান পল্লির প্রতিটি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সাদা পোশাকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল পুরো এলাকায় টহল দিচ্ছে যাতে উৎসবের আমেজ কোনোভাবেই বিঘ্নিত না হয়।
Copyright © 2026 All rights reserved.