প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: ৮ জঙ্গি নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কালাত জেলায় সামরিক বাহিনীর বিশেষ অভিযানে আট জঙ্গি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালাত জেলায় জঙ্গিদের আত্মগোপন করে থাকার সংবাদ পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এ সময় জঙ্গিরা গুলি চালালে দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এতে আট জঙ্গি নিহত হয় এবং বাকিদের ধরতে পুরো এলাকায় এখনো চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, নিহতরা এলাকায় একাধিক বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
পাকিস্তান সেনাবাহিনী স্পষ্ট করেছে যে, 'আজম-ই-ইস্তেহকাম' নীতির আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে তাদের এই কঠোর অভিযান চলবে। ২০২১ সাল থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে আশঙ্কাজনক হারে সশস্ত্র হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনী এমন পদক্ষেপ নিচ্ছে।
বিশেষ করে সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার অভিযোগে প্রতিবেশী আফগানিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এই বড় সাফল্য পেল পাকিস্তান বাহিনী।
Copyright © 2026 All rights reserved.