প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
মা’কে দেখতে এভারকেয়ারের উদ্দেশ্যে তারেক রহমান
রাজধানীর ৩০০ ফিটে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে তিনি সভাস্থল ত্যাগ করেন। এর আগে সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে তিনি একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক ৩০০ ফিট এলাকায় লাখো জনতার উদ্দেশে ভাষণ দেন তারেক রহমান। বক্তব্য শেষে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পথে রওনা হন, যেখানে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, "সবাই মিলে আমরা এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব, যা একজন মা স্বপ্ন দেখেন।" তিনি এমন এক বাংলাদেশের প্রত্যাশা করেন যেখানে মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারবে এবং তাদের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার অটুট থাকবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে লন্ডনি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা সেরে বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি সভাস্থলে পৌঁছান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Copyright © 2026 All rights reserved.