প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
কাকাবাবু ফিরছেন: এবার বিজয়নগরের হীরার সন্ধানে প্রসেনজিৎ
সুনীল গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘কাকাবাবু’ সিরিজের নতুন চমক নিয়ে বড়দিনেই হাজির হলেন ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নির্মাতা চন্দ্রশীষ রায়ের পরিচালনায় 'বিজয়নগরের হীরে' সিনেমার প্রথম ঝলক (টিজার) মুক্তি পেয়েছে। ২০২৬ সালের ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসবে রোমাঞ্চকর এই সিনেমাটি।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড়দিনের (২৫ ডিসেম্বর) উপহার হিসেবে প্রকাশ্যে এলো কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘বিজয়নগরের হীরে’। টিজারে দেখা যায়, ক্রাচে ভর দিয়েও অদম্য সাহসে হাম্পির ঐতিহাসিক ধ্বংসস্তূপে রহস্যের সমাধান খুঁজছেন রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবু। বিজয়নগরের হারিয়ে যাওয়া প্রাচীন হীরা উদ্ধারের এই অভিযানে বরাবরের মতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তীক্ষ্ণ মগজাস্ত্র ও সাহসী উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।
এবারের কিস্তিতে সন্তুর চরিত্রে পুনরায় ফিরেছেন আরিয়ান ভৌমিক। কাকাবাবু ও সন্তু জুটির এই অভিযান ঘিরে ইতোমধ্যে অনুরাগীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। সিনেমায় প্রসেনজিৎ ও আরিয়ান ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সত্যম ভট্টাচার্য এবং শ্রেয়া ভট্টাচার্যকে।
সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় কাহিনী অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। টিজারে পরিচালক চন্দ্রাশীস রায় রহস্য আর রোমাঞ্চের যে আবহ তৈরি করেছেন, তাতে দর্শকদের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে।
Copyright © 2026 All rights reserved.