প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা
বঙ্গোপসাগরের বিশাখাপত্তনম উপকূলে পারমাণবিক সাবমেরিন থেকে ‘কে-৪’ নামের একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিচালিত এই পরীক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতের দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘আইএনএস অরিঘাত’ থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার বিশাখাপত্তনম উপকূলে ৬ হাজার টন ওজনের আইএনএস অরিঘাত সাবমেরিন থেকে এই পরীক্ষা চালানো হয়। কে-৪ ক্ষেপণাস্ত্রটি প্রায় দুই টন ওজনের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। যদিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
প্রতিরক্ষা সূত্রগুলো জানাচ্ছে, এই পরীক্ষার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির কারিগরি মানদণ্ড এবং লক্ষ্যভেদের নির্ভুলতা যাচাই করা হয়েছে। সাধারণত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে পূর্ণ কার্যকর হিসেবে ঘোষণা করার আগে কয়েক দফা পরীক্ষা চালানোর প্রয়োজন হয়। এর আগে গত নভেম্বরে প্রথমবারের মতো এটি সাবমেরিন থেকে পরীক্ষা করা হয়েছিল।
আইএনএস অরিঘাত থেকে এই পরীক্ষা ভারতের নৌ-শক্তির সক্ষমতা বৃদ্ধিতে বড় এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগত বিশ্লেষণের কাজ বর্তমানে চলমান রয়েছে।
Copyright © 2026 All rights reserved.