প্রকাশের তারিখঃ Dec 26, 2025 ইং
১৯ বছর পর বাবার কবরে তারেক রহমান,আবেগঘন পরিবেশ
দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছে তিনি বাবার কবরে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
সবশেষ ২০০৬ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালীন বাবার কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর আজ ছিল তার প্রথম মাজার জিয়ারত কর্মসূচি। বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি জিয়া উদ্যানে পৌঁছান। এর আগে দুপুর ২টা ৫৩ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা হলেও পথিমধ্যে লাখো নেতাকর্মীর অভিবাদন ও ভিড়ের কারণে তার গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে। ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত রাজপথের দু-পাশে দাঁড়িয়ে থাকা অনুসারীদের শুভেচ্ছার জবাবে তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে অভিবাদন জানান।
জিয়া উদ্যানে পৌঁছে তারেক রহমান বাবার কবরে ফাতিহা পাঠ করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন। তার এই সফরকে কেন্দ্র করে পুরো শেরেবাংলা নগর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাজার জিয়ারতের আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির এই শীর্ষ নেতা।
Copyright © 2026 All rights reserved.