প্রকাশের তারিখঃ Dec 26, 2025 ইং
স্মৃতিসৌধের পথে তারেক রহমান, সাভারে নিশ্ছিদ্র নিরাপত্তা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগর থেকে তার গাড়িবহর সাভারের পথে যাত্রা শুরু করে।
দীর্ঘ ১৯ বছর পর দেশে ফিরে আজ প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে সাভার ও এর আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণকে সুসজ্জিত করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে চার স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।
তারেক রহমানের আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে। নেতাকর্মীদের ভিড় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখানে পৌঁছে তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করবেন।
Copyright © 2026 All rights reserved.