প্রকাশের তারিখঃ Dec 26, 2025 ইং
ভারতের ব্যান্ডউইথ ট্রানজিট আবেদন নাকচ করল বিটিআরসি
আঞ্চলিক কৌশলগত গুরুত্ব ও নিরাপত্তার স্বার্থে ভারতকে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ সুবিধা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এর ফলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মোবাইল ইন্টারনেট সংযোগ দেওয়ার নয়াদিল্লির পরিকল্পনাটি স্থগিত হয়ে গেল। অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রেক্ষিতে ১ ডিসেম্বর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
বিটিআরসি সূত্র জানিয়েছে, ভারতকে এই ট্রানজিট সুবিধা দিলে আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনেও এই সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলা হয়েছে, এ ধরনের সংযোগে বাংলাদেশের লাভের চেয়ে ভারতের সুবিধাই বেশি হতো। উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সামিট কমিউনিকেশনস ও ফাইবার অ্যাট হোম নামক দুটি বেসরকারি প্রতিষ্ঠান ভারতের ভারতী এয়ারটেল লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই সংযোগ স্থাপনের অনুমতি চেয়েছিল। আখাউড়া সীমান্ত দিয়ে একটি স্থলভিত্তিক ইন্টারনেট সার্কিট চালু করার প্রাথমিক প্রস্তুতি থাকলেও বর্তমান সরকার তা নাকচ করে দিয়েছে।
বিটিআরসির কর্মকর্তাদের মতে, সংশ্লিষ্ট দেশীয় প্রতিষ্ঠান দুটির মালিকপক্ষ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হওয়ায় তারা একচেটিয়া সুবিধা দেওয়ার চেষ্টা করেছিল। সামিট কমিউনিকেশনসের শীর্ষ পর্যায়ে থাকা ব্যক্তিদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠতার বিষয়টিও আলোচনায় এসেছে। সরকারের এই কঠোর অবস্থানের ফলে বাংলাদেশের ইন্টারনেট পরিকাঠামো ব্যবহারের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ নেটওয়ার্ক সম্প্রসারণের পথ আপাতত বন্ধ হয়ে গেল।
Copyright © 2026 All rights reserved.