প্রকাশের তারিখঃ Dec 26, 2025 ইং
গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করবেন। গণ অধিকার পরিষদের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
গণ অধিকার পরিষদের ঘনিষ্ঠ ওই সূত্র বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে ওই আসনে জয়লাভ করা অনেক চ্যালেঞ্জিং হতে পারে। ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে জয়ের ক্ষেত্রে নানা অনিশ্চয়তা থাকবে। সে জন্য ঝিনাইদহ–৪ আসনে জয় নিশ্চিত করতে ধানের শীষ প্রতীক নিয়ে সেখান থেকে নির্বাচন করতে চান রাশেদ। সে জন্য বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ওই সূত্রের ভাষ্য, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের মধ্যে যাঁদের আসন ছেড়ে দেওয়া হয়েছে, তাঁদের অনেককেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে বলা হয়েছে। তাই রাশেদ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ওই সূত্রে জানা গেছে।
Copyright © 2026 All rights reserved.