প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। জিয়ারত শেষে তিনি ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানীতে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। এসময় তিনি মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। একই স্থানে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনকালে তারেক রহমানের সাথে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জিয়ারত শেষে তারেক রহমান শহীদ হাদির ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের খোঁজখবর নেন।
দলীয় সূত্র জানিয়েছে, কবর জিয়ারত শেষে তারেক রহমান ভোটার হওয়ার উদ্দেশ্যে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে যাবেন। এর আগে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি ভোটার হওয়ার প্রাথমিক আবেদন ও ফরম পূরণের কাজ সম্পন্ন করেন। ভোটার হওয়ার ক্ষেত্রে তিনি রাজধানীর গুলশানের ঠিকানা ব্যবহার করেছেন বলে নিশ্চিত করেছে ইসি ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র।
Copyright © 2026 All rights reserved.