প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন: নিহত ১ উদ্ধার ১৫
কক্সবাজারের বাঁকখালী নদীতে পর্যটকবাহী 'দ্যা আটলান্টিক ক্রুজ' জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজের এক কর্মচারী নিহত হলেও জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৭ ডিসেম্বর) কাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় 'দ্যা আটলান্টিক ক্রুজ' নামক জাহাজটিতে আগুন লাগে। পর্যটক নিয়ে সেন্টমার্টিন যাত্রার প্রস্তুতিকালে হঠাৎ করেই জাহাজের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোস্টগার্ড প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নুর কামাল নামে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। জানা গেছে, আগুনের সময় তিনি একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। তবে জাহাজে থাকা ক্রুসহ বাকি ১৫ জনকে স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার সময় জাহাজটিতে কোনো পর্যটক ছিল না, তবে ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে, ক্ষতিগ্রস্ত জাহাজের জন্য নির্ধারিত ২০০ পর্যটকের মধ্যে ১২০ জনকে বিকল্প ব্যবস্থায় সেন্টমার্টিন পাঠানো হয়েছে এবং বাকিদের আগামীকাল পাঠানো হবে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও তদন্ত কমিটি।
Copyright © 2026 All rights reserved.