প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
কিয়েভে ভয়াবহ বিস্ফোরণ: ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগেই উত্তপ্ত ইউক্রেন
ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির হাই-ভোল্টেজ বৈঠকের ঠিক আগমুহূর্তে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে রাশিয়ার এই বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পর পুরো দেশজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
শনিবার (২৭ ডিসেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে ভোরে বড় ধরনের মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে থরথর করে কেঁপে ওঠে পুরো শহর। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, রাজধানীর আকাশ প্রতিরক্ষা বাহিনী শত্রুপক্ষকে মোকাবিলায় কাজ করছে। যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে তিনি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিস্ফোরণের সময় কিয়েভের আকাশে বিশাল আগুনের কুণ্ডলি দেখা গেছে। হামলার পর পুরো ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে। এই আগ্রাসনটি এমন এক সময়ে ঘটল যখন আগামীকাল রোববার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে। ওই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি ২০ দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্পের খসড়া শান্তি প্রস্তাবে বলা হয়েছে—যুদ্ধবিরতি কার্যকর হলে রুশ সেনারা বর্তমান অবস্থানে থাকবে এবং ইউক্রেনীয় সেনারা কিছু এলাকা থেকে পিছু হটলে সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করা হবে। তবে এই বৈঠকের মাত্র একদিন আগে রাশিয়ার এমন ভয়াবহ হামলা শান্তি আলোচনার প্রক্রিয়াকে নতুন করে জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.