প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেটকার, নিহত ১
ঝিনাইদহের মহেশপুরে একটি বেপরোয়া প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে পড়লে ইব্রাহিম হোসেন নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিশুতলা বাজার এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানে বসে থাকা ইব্রাহিম হোসেন (৫০) প্রাইভেটকারের প্রচণ্ড ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইব্রাহিম হোসেন উপজেলার রাখালভোগা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা থেকে ছেড়ে আসা সাদা রঙের প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে মহেশপুরের দিকে যাচ্ছিল। শিশুতলা বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের দোকানে আঘাত হানে।
দুর্ঘটনায় আহত হয়েছেন বাবলু মন্ডল, শহিদুল ইসলাম ও নাসির উদ্দিন নামে আরও তিনজন। তাদের উদ্ধার করে মহেশপুর, কোটচাঁদপুর ও যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 All rights reserved.