প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
পাগলা মসজিদে ৩ ঘণ্টায় ৮ কোটির বেশি টাকা গণনা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১০টি লোহার সিন্দুক ও ৩টি টিনের বাক্স খুলে পাওয়া গেছে রেকর্ড ৩৫ বস্তা টাকা। মাত্র তিন ঘণ্টার গণনায় জমা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ২৩ লাখ টাকায়। বর্তমানে বিশাল একটি দল এই টাকা গণনার কাজ চালিয়ে যাচ্ছে।
কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদের দানবাক্সগুলো প্রায় ৪ মাস পর আজ শনিবার সকাল ৭টায় খোলা হয়েছে। এবার গতবারের চেয়েও বেশি রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া গণনায় দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টাতেই ৮ কোটি ২৩ লাখ টাকা জমা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন রূপালী ব্যাংকের ডিজিএম রফিকুল ইসলাম।
টাকা গণনার কাজে রূপালী ব্যাংকের কর্মকর্তা, মসজিদ কমিটির সদস্য এবং মাদ্রাসার ছাত্রসহ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত রয়েছেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তদারকি করেন।
এর আগে গত ৩০ আগস্ট পাগলা মসজিদের দানবাক্স থেকে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকা পাওয়া গিয়েছিল। সিন্দুকগুলোতে নগদ টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়। মসজিদের এই আয় থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সমাজকল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করা হয়।
উল্লেখ্য, শীঘ্রই প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার মুসল্লি ধারণক্ষমতার ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’ নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে।
Copyright © 2026 All rights reserved.