প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
ভোলার একটি আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের কে জাহান মার্কেটের একটি হোটেলের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভোলার সদর এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমির হোসেন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত আমির হোসেন জেলার লালমোহন পৌর এলাকার হাসপাতাল রোডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর রাতে শহরের কে জাহান মার্কেটের ওই হোটেলের ২০২ নম্বর কক্ষে ওঠেন আমির। পরদিন শুক্রবার সন্ধ্যার পর থেকে তার কক্ষের কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে।
ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়া উদ্দিন জানান, প্রাথমিকভাবে মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
Copyright © 2026 All rights reserved.