প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি মহাসচিবের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। আগামী সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনে বিএনপিতে নাম লিখিয়েছেন গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা মো. রাশেদ খাঁন। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুল দিয়ে তিনি যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ঘোষণা করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন রাশেদ খান। একইসাথে তিনি ওই আসনের সকল নেতাকর্মীকে রাশেদের পক্ষে কাজ করার নির্দেশনা দেন।
এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন রাশেদ। চিঠিতে তিনি নুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা উল্লেখ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর স্বতন্ত্র প্রতীকে লড়লেও, ঝিনাইদহে জয়ের সম্ভাবনা সুসংহত করতেই রাশেদ খান সরাসরি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন। আসন সমঝোতার অংশ হিসেবেই বিএনপি তাকে এই সুযোগ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.