প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
বর্তমান সরকার কারও পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষভুক্ত নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভোলায় নির্বাচনী প্রচার গাড়ি ‘ক্যারাভান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করাই এই সরকারের মূল লক্ষ্য।
ভোলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দেশের আগামী নির্বাচন ও বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি মন্তব্য করেন, ২০০৮ সালের পর দেশে কার্যত কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। তবে আগামী ১২ ফেব্রুয়ারি একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সেই আক্ষেপ ঘুচবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তৌহিদ হোসেন আরও বলেন, "একদম তলানিতে চলে যাওয়া একটি রাষ্ট্রকে পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের লক্ষ্য হলো এমন এক পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের ভোট দিতে পারবে।" তিনি জোর দিয়ে বলেন যে, এই সরকার সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো বিশেষ পক্ষের হয়ে কাজ করছে না।
অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করতে এবং ভোটের আমেজ ছড়িয়ে দিতে এই 'ক্যারাভান' কর্মসূচির আয়োজন করা হয়।
Copyright © 2026 All rights reserved.