প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
৭৩ বছর পর মিলনমেলায় মাতল সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়
দীর্ঘ সাত দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হলেন ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে স্মৃতিচারণ, শিক্ষক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে এই মিলনমেলা সম্পন্ন হয়।
১৯৫২ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম পুনর্মিলনী উৎসবের আয়োজন করে সোনাগাজীর অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়। প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক প্রজন্মের শিক্ষার্থীরা অংশ নেন। বহু বছর পর প্রিয় প্রাঙ্গণে ফিরে সহপাঠীদের কাছে পেয়ে আবেগঘন পরিবেশে মেতে ওঠেন নবীন-প্রবীণ সবাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্ট ব্যাংক অব কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেফোডিল ইউনিভার্সিটির অধ্যাপক ড. আবুল হোসেন সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের হৃত গৌরব পুনরুদ্ধার করে শিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকারিয়া মহিউদ্দিনসহ কয়েকজন প্রবীণ শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। স্মৃতিচারণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র-এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজক কমিটির সদস্য নুরুল আমিন মামুন ভূঁইয়া জানান, শিক্ষার্থীদের মধ্যে ঐক্যের এই মেলবন্ধন আগামীতেও অব্যাহত থাকবে।
আলাউদ্দিন সবুজ/রাজধানী
Copyright © 2026 All rights reserved.