প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদনপত্র জমা দিয়ে তিনি দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, "দীর্ঘদিন পর দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আমাকে আবারও ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনের সুযোগ করে দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি জানাই গভীর কৃতজ্ঞতা।"
ঠাকুরগাঁওয়ের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, "জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমি এই অঞ্চলের সামাজিক ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করব। বিশেষ করে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের বিষয়টিকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব।" তিনি ঠাকুরগাঁওয়ের সামগ্রিক অর্থনৈতিক চিত্র বদলে দেওয়ারও স্বপ্ন ব্যক্ত করেন।
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে স্থানীয় ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে ফখরুল বলেন, অতীতে এই আসনের মানুষ যেভাবে তাকে ভালোবেসেছেন, এবারও তারা ঐক্যবদ্ধভাবে 'ধানের শীষ' প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বলে তিনি বিশ্বাস করেন।
Copyright © 2026 All rights reserved.