প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
মঞ্জুর জন্য ফেনী-২ আসন ছাড়ল জামায়াত
ফেনী-২ (সদর) আসনে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী। ১২ দলীয় জোটের সমাঝোতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আসনটি থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। তবে এই সিদ্ধান্তে স্থানীয় জামায়াত কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও হতাশা দেখা দিয়েছে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে নতুন মোড় নিল ফেনীর রাজনীতি। রবিবার (২৮ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণার পর জানা যায়, ফেনী-২ আসনটি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে জামায়াতের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন। লিয়াকত আলী ভূঁইয়া এলাকায় একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত হওয়ায় তার পরিবর্তে অন্য দলের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেক সমর্থক। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিয়াকত আলীর অনুসারীদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে দেখা গেছে।
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান এ বিষয়ে বলেন, "অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এ অঞ্চলের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন। তাকে প্রত্যাহারের সিদ্ধান্তে সমর্থকদের মাঝে কিছুটা মানসিক কষ্ট থাকা স্বাভাবিক। তবে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এবং জোটের ঐক্য বজায় রাখতে আমরা সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রাখব।"
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের এই ত্যাগের ফলে ফেনী-২ আসনে ভোটের সমীকরণ আরও চাঞ্চল্যকর হয়ে উঠতে পারে।
Copyright © 2026 All rights reserved.