প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
আজ ফুটবল সম্রাট পেলের মৃত্যুবার্ষিকী
আজ সোমবার (২৯ ডিসেম্বর) ফুটবল ইতিহাসের কিংবদন্তি এডসন আরান্তেস দো নাসিমেন্তো পেলের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের এই দিনে ৮২ বছর বয়সে বিশ্বজুড়ে কোটি ভক্তকে কাঁদিয়ে চিরবিদায় নেন একমাত্র ৩টি বিশ্বকাপ জয়ী এই মহানায়ক। দারিদ্র্য জয় করে মোজার ফুটবল থেকে বিশ্বজয়ের মুকুট পরা পেলের জীবন আজও কোটি তরুণের অনুপ্রেরণা।
ফুটবল জগতের অবিসংবাদিত সম্রাট পেলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ১৯৪০ সালে ব্রাজিলের মিনাস জেরাইসে জন্ম নেওয়া এই কিংবদন্তি ২০২২ সালের আজকের এই দিনেই ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শৈশবে চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা পেলের ফুটবলার হওয়ার পথটি মোটেও সহজ ছিল না। ফুটবল কেনার সামর্থ্য না থাকায় মোজার ভেতরে খবরের কাগজ ও দড়ি ভরে বল বানিয়ে খেলতেন তিনি। এমনকি পরিবারকে সাহায্য করতে চায়ের দোকানেও কাজ করেছেন এই বিশ্বজয়ী তারকা।
ব্রাজিলের হয়ে মাত্র ১৭ বছর বয়সে ১৯৫৮ সালের বিশ্বকাপে চমক দেখিয়ে বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন পেলে। এরপর ১৯৬২ ও ১৯৭০ সালে আরও দুবার বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতার অনন্য নজির গড়েন তিনি। ২১ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে ১৩৬৩টি ম্যাচ খেলে তিনি রেকর্ড ১২৮১টি গোল করেছেন, যার মধ্যে ব্রাজিলের জার্সি গায়ে ৯২ ম্যাচে রয়েছে ৭৭টি গোল।
ফুটবলে তার অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে ফিফা তাকে ‘শতাব্দী সেরা ফুটবলার’ হিসেবে সম্মানিত করে। মাঠের জাদুকরী পারফরম্যান্স আর বিনয়ী ব্যক্তিত্বের কারণে তিনি কেবল ব্রাজিলিয়ানদের কাছেই নয়, বরং পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে আজও এক পরম বিস্ময়। ফুটবল সম্রাট পেলের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সারাবিশ্বের ভক্তরা তাঁকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে।
Copyright © 2026 All rights reserved.