প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
হাদি হত্যাকারীদের ধরতে শিখ সংগঠনের পুরস্কার ঘোষণা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের তথ্য দিতে পারলে ৫৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক শিখ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)।
সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতির মাধ্যমে সংগঠনটি এই বড় অংকের পুরস্কার ঘোষণা করে। মূলত আসামিদের অবস্থান শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া তথ্য অনুযায়ী, শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত ব্যক্তিরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। এই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এসএফজে জানিয়েছে, যারা এই খুনিদের অবস্থান শনাক্ত, গ্রেফতার বা তাদের প্রত্যর্পণে সহায়তা করতে পারবে, তাদের এই বিশাল অংকের আর্থিক পুরস্কার দেওয়া হবে।
এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন এক বক্তব্যে দাবি করেছেন, এই হত্যাকাণ্ডটি ভারতের মোদী সরকারের সরাসরি নির্দেশে সংঘটিত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এটি একটি আন্তঃসীমান্ত সন্ত্রাসী কার্যক্রমের অংশ। পান্নুন এই হত্যাকাণ্ডের ধরনের সাথে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের মিল রয়েছে বলেও উল্লেখ করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুরস্কারের মূল লক্ষ্য হলো জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা। সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত খুনিদের গ্রেফতার এবং দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারে, সেই উদ্দেশ্যেই এই ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ডিএমপি ইতিপূর্বে স্বীকার করেছিল যে হাদির হত্যাকারীরা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে পালিয়ে গেছে। তবে এসএফজের এই চাঞ্চল্যকর অভিযোগ ও পুরস্কার ঘোষণার বিষয়ে ভারতের কর্তৃপক্ষ বা ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Copyright © 2026 All rights reserved.