প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
বিপিএলের লুকে ট্রোলের শিকার তানজিন তিশা
বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। তবে প্রশংসার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাজপোশাক ও বসার ভঙ্গি নিয়ে বিদ্রুপের পাল্লাই ভারী দেখা যাচ্ছে। নেটিজেনদের একাংশ তার এই লুককে 'অতিরিক্ত চাকচিক্যময়' আখ্যা দিয়ে নানা নেতিবাচক মন্তব্য করেছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা।
রবিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে নিজের সেই বিশেষ লুকের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়।
অভিনেত্রীর শেয়ার করা ছবিতে তাকে রুপালি চুমকি বসানো গ্লিটারি টপস এবং নিয়ন রঙের কার্গো প্যান্টে দেখা যায়। সাজে বাড়তি চাকচিক্য আনতে তিনি চোখের কোণে স্টোন এবং গলায় ভারী নেকলেস ব্যবহার করেছিলেন। তবে অধিকাংশ ছবিতে তার বসার ভঙ্গি এবং পোশাকের ধরন নেটিজেনদের বড় একটি অংশের পছন্দ হয়নি। কমেন্ট বক্সে অনেকে তাকে 'বিপিএলের ট্রফি'র সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ কেউ তার ফ্যাশন সেন্স নিয়ে কটু মন্তব্য করেছেন।
লুক নিয়ে ট্রোলের পাশাপাশি আরও একটি বিষয় নেটিজেনদের আলোচনার খোরাক হয়েছে। গুঞ্জন উঠেছে যে, উদ্বোধনী অনুষ্ঠানের দিন তিশাকে নাকি শুরুতে মাঠে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। মন্তব্য ঘরে অনেককেই এই বিষয়টি নিয়ে খোঁচা দিতে দেখা গেছে। তবে এসব কটাক্ষ বা গুঞ্জন নিয়ে তিশার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সমালোচনার মাঝেও তিশার অনেক ভক্ত তার পাশে দাঁড়িয়েছেন। গ্যালারির দর্শকদের মাতিয়ে তুলতে তার দুর্দান্ত নৃত্য পরিবেশনার প্রশংসা করেছেন অনেকে। তাদের মতে, বিপিএলের মতো বড় মঞ্চে তিশার উপস্থিতি দর্শকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করেছে।
Copyright © 2026 All rights reserved.