প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
মুকসুদপুরে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় রবিউল ইসলাম মোল্লা (৪২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল নড়াইল জেলার লোহাগড়া থানায় কর্মরত ছিলেন। ঘাতক বাসটি তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার সকালে কর্মস্থল থেকে মোটরসাইকেলে চড়ে মুকসুদপুরের নিজ বাড়িতে ফিরছিলেন পুলিশ সদস্য রবিউল ইসলাম। পথে ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুর ভাঙ্গাপোল নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী ‘বনফুল পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস তাকে পেছন থেকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহত রবিউল ইসলাম লোহাগড়া থানায় কর্মরত ছিলেন। তিনি মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের বজলার মোল্লার ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। সহকর্মীর এমন অকাল মৃত্যুতে তিনি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Copyright © 2026 All rights reserved.