প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
ফেনী-২ আসনে মজিবুর রহমান মঞ্জুর মনোনয়নপত্র জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এই আবেদন জমা দেন। নির্বাচনী আসন সমঝোতার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থী এই আসনে মঞ্জুকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
সোমবার দুপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন মজিবুর রহমান মঞ্জু। মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ এবং জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মজিবুর রহমান মঞ্জু শর্শদীতে নিজ বাড়িতে বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং মায়ের দোয়া নেন। এ উপলক্ষে তার বাড়িতে একটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন। এরপর দলীয় ও জোটের নেতাদের সাথে নিয়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মঞ্জু জানান, জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং শহীদদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমমনা দলগুলোর মধ্যে আসন সমঝোতা হয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামীর জনপ্রিয় নেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এই আসনে তাকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা ত্যাগ করেছেন। ফেনীর উন্নয়ন ও সংস্কারে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানোর জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান মঞ্জু।
মনোনয়ন জমা দেওয়ার সময় জেলা প্রশাসক কার্যালয়ে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, রফিকুল আলম মজনু এবং জামায়াত নেতা মুফতি আব্দুল হান্নান ও ডা. ফখরুদ্দিন মানিকের মতো শীর্ষ নেতাদের সঙ্গে মজিবুর রহমান মঞ্জুর সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় হয়। অনুষ্ঠানে গণতান্ত্রিক সংস্কার জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলাউদ্দিন সবুজ/রাজধানী
Copyright © 2026 All rights reserved.