প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
মারা গেছেন ভারতীয় অভিনেত্রী শ্রাবণী
ভারতীয় ছোটপর্দার বর্ষীয়ান অভিনেত্রী শ্রাবণী বণিক মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘রাঙা বউ’ ও ‘সোহাগ চাঁদ’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করছ্নে।
দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছিলেন অভিনেত্রী। গত মাসে অভিনেত্রীর চিকিৎসার জন্য অনুরাগীদের কাছে হাত পেতেছিলেন তার ছেলে অচ্যুত আদর্শ।
অভিনেত্রীর মৃত্যুর পর ভারতীয় গণমাধ্যমকে পরিচালক বাবু বণিক বলেন, শ্রাবণীর মৃত্যুতে আমরা স্তম্ভিত। অনেকদিনের বন্ধু আমরা। শেষ সময়টা খুব কষ্ট পেয়েছে। কাজ থেকেও অনেকদিন দূরে ছিল। ভাবতেই পারছি না শ্রাবণী আর নেই। হাসপাতালেই আছি সকাল থেকে। আজ বিকেলের শেষকৃত্য হবে।
ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম কেটোতেও তাঁর মায়ের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের আবেদন জানিয়ে লেখেন, আমি আমার মা শ্রাবণী বণিকের জন্য অর্থ সংগ্রহ করছি। আমার মা ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছেন। পরিবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় মোট অর্থ সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু সমস্ত চিকিৎসা খরচ বহন করতে আরও ১২ লাখ টাকা প্রয়োজন।
অচ্যুত আরও লিখেছিলেন, যেহেতু এই বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করা সময় সাপেক্ষে ব্যাপার, তাই আপনাদের সবার কাছে সাহায্যের অনুরোধ জানাচ্ছি। আপনারা প্রত্যেকে যদি অল্প সাহায্য নিয়েও এগিয়ে আসেন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকব।
প্রসঙ্গত, শ্রাবণী অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে, ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’, ‘আলো'।
Copyright © 2026 All rights reserved.