প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
জামায়াতের নির্বাচনী সমঝোতায় যুক্ত হলো এবি পার্টি
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় এবার যুক্ত হয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এর ফলে এই সমঝোতায় দলের সংখ্যা বেড়ে হয়েছে ১১।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মুঠোফোনে বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় তাঁরা যুক্ত আছেন এবং আলোচনা চলমান।
উল্লেখ্য, গতকাল রবিবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়।
এবি পার্টি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবি পার্টি ৭০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী-২ (সদর), সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ), জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ), যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভূঁইয়া কুমিল্লা-৫ (বুড়িচং, ব্রাহ্মণপাড়া), যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাজনৈতিক সূত্রগুলো বলছে, ফেনী-২, বরিশাল-৩ এবং পটুয়াখালী-১ আসন এবি পার্টিকে ছেড়ে দেওয়া হতে পারে। এ বিষয়ে আলোচনা চলমান।
Copyright © 2026 All rights reserved.