প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
খালেদা জিয়ার মৃত্যু: বিএনপির সাত দিনের শোক
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, তিনি চলে গেছেন। তাই তার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালন করবে বলে ঘোষনা দিয়েছে দলটি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েসহ দেশের সকল দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই সাত দিনব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা কার্যালয়ে শোকবই খোলা হবে। যারা বন্ধুবান্ধব, স্বজন, বিভিন্ন শহরে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী আছেন তারা শোকবইতে মন্তব্য ও স্বাক্ষর করবেন।
বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) সকাল ৬ টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমরা তার মৃত্যুতে মর্মাহত।
Copyright © 2026 All rights reserved.