প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মৃত্যু বরণ করেছেন। আগামীকাল বুধবার তার জানাজায় যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক বার্তা দিয়েছেন। আগামীকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রয়াত খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে বাংলাদেশে আসবেন।
আগামীকাল বুধবার দুপুর ২ টায় সংসদ ভবনের দক্ষিণপ্লাজাসহ মানিক মিয়া এভিনিউ এ খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিদের আগামীকাল জানাজায় যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।
আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে কংগ্রেস নেতা লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের পথচলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’
রাহুল গান্ধী লিখেছেন, ‘আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
Copyright © 2026 All rights reserved.