প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
খালেদা জিয়ার জানাজায় ৩২ দেশের কূটনীতিকের অংশগ্রহণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিয়েছেন ৩২টি দেশের প্রতিনিধি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা।
বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত এই জানাজায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রদূতরা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।
বেগম খালেদা জিয়ার জানাজায় শরিক হতে বারিধারা কূটনৈতিক এলাকা থেকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হন। জানাজায় অংশ নেওয়া উল্লেখযোগ্য কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এছাড়াও জাপান, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডসহ মোট ৩২টি দেশের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
কূটনৈতিক প্রতিনিধিদের পাশাপাশি বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমোন লসন পার্চমেন্টও জানাজায় অংশগ্রহণ করেন। মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের এই সরব উপস্থিতি জানাজাস্থলে এক শোকাবহ ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করে।
Copyright © 2026 All rights reserved.