প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে নির্ধারিত জানাজায় যোগ দিতে তিনি সেখানে পৌঁছান। জানাজায় অংশ নিতে আসা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। এই জানাজায় অংশ নিতে দুপুর হওয়ার আগেই সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এর আগে দুপুর ১২টার দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়। জানাজায় ইমামতি করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষ ভোর থেকেই সংসদ ভবন এলাকায় সমবেত হতে থাকেন।
জানাজায় প্রধান উপদেষ্টা ছাড়াও ভারত, পাকিস্তানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি ও উচ্চপদস্থ কূটনীতিকরা উপস্থিত রয়েছেন। জানাজা সম্পন্ন হওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।
Copyright © 2026 All rights reserved.