প্রকাশের তারিখঃ Jan 1, 2026 ইং
মধুপুরকে যানজটমুক্ত করতে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের তীব্র যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে পরিবহন নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এই সভায় বিশৃঙ্খল পার্কিং বন্ধ এবং ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট দূর করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় পৌরসভা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। সভায় বাসস্ট্যান্ডের ওপর দিয়ে চলাচলকারী বিভিন্ন রুটের যানবাহনের বিশৃঙ্খলা ও যেখানে-সেখানে পার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাসস্ট্যান্ডের মূল পয়েন্টে কোনো ধরনের যানবাহন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। ঢাকা, ময়মনসিংহ ও জামালপুর রুটের লাইন মাস্টারদের ওপর নিজ নিজ রোডের যানবাহনের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং রাস্তার দুপাশের ফুটপাত দখলমুক্ত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ প্রশাসনের এসব উদ্যোগের সঙ্গে একমত পোষণ করে সহযোগিতার আশ্বাস দেন, তবে তারা শহরের স্থায়ী টার্মিনাল সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে মধুপুর থানার ওসি মো. জাফর ইকবালসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সতর্ক করে বলেন, প্রাথমিক আলোচনার পর পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মনিরুজ্জামান আসিফ/রাজধানী
Copyright © 2026 All rights reserved.