প্রকাশের তারিখঃ Jan 2, 2026 ইং
কুড়িগ্রাম সীমান্তে বিজিবি সদস্যের আত্মাহত্যা
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের ইস্যুকৃত রাইফেলের গুলিতে মো. নাসিম উদ্দীন (২৪) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে গংগারহাট বিওপি ক্যাম্পে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে বিজিবি ও পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কর্মরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাসিম উদ্দীন ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে নিয়মিত টহল ডিউটিতে যাওয়ার জন্য ইউনিফর্ম পরে নিজের সরকারি অস্ত্র বুঝে নেন সিপাহী নাসিম। এরপর ব্যারাকের পাশে গিয়ে তিনি নিজের বুকে গুলি চালান। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার সকালে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার নেপথ্যে পারিবারিক বিষণ্নতাকে দায়ী করছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি জানান, নাসিমের বাবা সম্প্রতি পঞ্চম বিয়ে করেছেন, যা নিয়ে নাসিম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ৫ দিনের জরুরি ছুটি কাটিয়ে মাত্র দুদিন আগেই তিনি কর্মস্থলে ফিরেছিলেন।
বিজিবি কর্তৃপক্ষ এবং পুলিশ উভয়ই ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।
আলমগীর হোসেন আসিফ/রাজধানী
Copyright © 2026 All rights reserved.