প্রকাশের তারিখঃ Jan 2, 2026 ইং
লোহাগাড়ায় রেললাইনে মিলল ছিন্নভিন্ন মরদেহ
চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে আমিরাবাদ ইউনিয়নের ডলুকুল এলাকায় এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সকালে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ধার থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ডলুকুল এলাকায় স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশে একটি ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে এলাকাবাসী রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদকে জানানো হলে গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের পরনে লুঙ্গি ও গায়ে চাদর ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনমাস্টার দিদার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল ৭টার দিকে কক্সবাজারগামী 'কক্সবাজার এক্সপ্রেস' ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি ইতোমধ্যে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2026 All rights reserved.