প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
ঢাকা-১১ আসনে লড়বেন নাহিদ ইসলাম: বৈধ হলো মনোনয়নপত্র
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা নিশ্চিত করেন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সরে দাঁড়ানোয় ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
আসন্ন জাতীয় নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১১ (রামপুরা, বনশ্রী, বাড্ডা ও সংলগ্ন এলাকা) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার দাখিলকৃত মনোনয়নপত্রের যাবতীয় তথ্য যাচাই শেষে তা বৈধ বলে ঘোষণা দেন।
দুপুরে এনসিপি’র যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নাহিদ ইসলাম ১২ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজনৈতিক সমীকরণে এ আসনে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। এরই মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে জোটবদ্ধ রাজনীতির মাঠে নাহিদ ইসলামের লড়াই আরও সংহত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন নির্বাচনী প্রচারণায় নামতে তার আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।
Copyright © 2026 All rights reserved.