প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার ও প্রেস সচিব সালেহ শিবলী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত দপ্তরে বড় পরিবর্তন আনা হয়েছে। তার একান্ত সচিব হিসেবে সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রেস সচিব হিসেবে সাংবাদিক নেতা এ এ এম সালেহ (সালেহ শিবলী) নিয়োগ পেয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএনপির শীর্ষ নেতৃত্বের দাপ্তরিক কার্যক্রম আরও সুসংগঠিত করতে দুটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব হিসেবে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
একই সঙ্গে, তারেক রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ, যিনি সাংবাদিক মহলে সালেহ শিবলী নামেই অধিক পরিচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক কাজে গতি আনতেই অভিজ্ঞ এই দুই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.