প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিপক্ষে শশী থারুর
চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে বিসিসিআই নির্দেশ দিলেও তার পাশে দাঁড়িয়েছেন ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা সংখ্যালঘুদের ইস্যুর দায় একজন ক্রিকেটারের ওপর চাপানো ঠিক নয়। খেলাধুলা ও রাজনীতিকে আলাদা রাখার আহ্বান জানিয়েছেন এই বর্ষীয়ান নেতা।
আসন্ন আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে সরিয়ে নিতে বিসিসিআই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া। তবে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুর।
শুক্রবার (২ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে থারুর বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বোঝা ক্রিকেটের ওপর চাপানো উচিত নয়। ভারত সরকার এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করছে এবং সেই বার্তা দেওয়া অব্যাহত থাকা দরকার। তবে এর সাথে মুস্তাফিজুর রহমানকে জড়ানো মোটেও সংগত নয়।
তিনি আরও উল্লেখ করেন, মুস্তাফিজ একজন পেশাদার ক্রিকেটার এবং এসব রাজনৈতিক ঘটনার সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তার বিরুদ্ধে উসকানিমূলক কোনো অভিযোগও নেই। থারুর সতর্ক করে বলেন, বিসিসিআই যদি প্রতিবেশী দেশগুলোর খেলোয়াড়দের এভাবে বর্জন করে, তবে দীর্ঘমেয়াদে তা ক্রিকেটের জন্য ভালো ফল আনবে না। এই বিষয়ে সংকীর্ণতা পরিহার করে বড় পরিসরে চিন্তা করার পরামর্শ দেন তিনি।
Copyright © 2026 All rights reserved.