প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই, বরং সরকার নিজেই সময়মতো নির্বাচন আয়োজনে কাজ করছে।
শনিবার (৩ জানুয়ারি) মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভা শেষে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে অত্যন্ত ভালো। নির্বাচন প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, বহির্বিশ্বের কোনো প্রভাবে নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আমাদের হাতে সময় সংক্ষিপ্ত। পরিকল্পনা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। ফলে নির্বাচন নিয়ে চাপের কোনো প্রশ্নই আসে না।
উসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা জানান, অপরাধীদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। জড়িতরা ভারতে অবস্থান করছে এমন তথ্য থাকলেও তাদের সঠিক অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি। নির্দিষ্ট অবস্থান জানা গেলে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের অনুরোধ জানানো হবে।
বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে তিনি মন্তব্য করেন যে, বিচারপ্রক্রিয়া নির্দিষ্ট কোনো সময় বেঁধে সম্পন্ন করা যায় না, তবে সরকার দ্রুততম সময়ে আসামিদের শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এছাড়া অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয় বলেও তিনি উল্লেখ করেন।
Copyright © 2026 All rights reserved.