প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
বিসিসিআইয়ের চাপে মুস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা
উগ্র হিন্দুত্ববাদীদের টানা আন্দোলনের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাদের নির্দেশ মেনে আসন্ন আইপিএলের স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
শনিবার (৩ জানুয়ারি) কেকেআর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
রেকর্ড মূল্যে কেনা সত্ত্বেও মাঠের লড়াইয়ে নামার আগেই কেকেআর শিবির থেকে বিদায় নিতে হলো 'কাটার মাস্টার' মুস্তাফিজুর রহমানকে। আজ শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে বাদ দিতে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে সরাসরি নির্দেশ দেন। এর পরপরই কেকেআর কর্তৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে জানায়, নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ায় মুস্তাফিজকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে রেকর্ড ৯.২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। এটি ছিল আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশির জন্য সর্বোচ্চ দাম। তবে মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই ভারতের কয়েকটি উগ্র সংগঠন তাকে বাদ দেওয়ার দাবিতে সরব হয়ে ওঠে। এমনকি ম্যাচ ভণ্ডুল করার হুমকিও দেওয়া হয়। শুরুতে বিসিসিআই রাজনীতি ও খেলাকে আলাদা রাখার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত উগ্রপন্থীদের চাপের কাছেই নতি স্বীকার করল।
বিবৃতিতে কেকেআর আরও জানিয়েছে, বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী তারা মুস্তাফিজের বদলে অন্য একজন বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পাবে। মুস্তাফিজের পরিবর্তে কাকে নেওয়া হচ্ছে, তা দ্রুতই জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, আইপিএলে এ পর্যন্ত আট মৌসুমে ৬৫টি উইকেট শিকার করেছেন এই বাংলাদেশি পেসার।
Copyright © 2026 All rights reserved.