প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
ট্রাম্পের দাবি: ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র
এক নাটকীয় সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে মার্কিন বাহিনী।
শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর দাবি করেন। তিনি জানান, মাদুরো ও তার স্ত্রীকে আটক করে ভেনেজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই হামলার পর ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় একটি ‘বড় ধরনের হামলা’ চালিয়েছে। এই অভিযানের মাধ্যমেই মাদুরো ও তার স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে মার্কিন সেনারা।
আগ্রাসনের চিত্র:
শুক্রবার দিবাগত রাত থেকেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেছেন। হামলার পর রাজধানীর আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভেনেজুয়েলা সরকার এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।
নেপথ্যের কারণ:
আটক হওয়ার ঠিক আগে দেওয়া এক বিবৃতিতে নিকোলাস মাদুরো দাবি করেছিলেন, ভেনেজুয়েলার বিশাল তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র এই হামলা চালাচ্ছে। এর আগে সোমবারও ট্রাম্প দাবি করেছিলেন, মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার একটি ডকিং এলাকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে এবারের এই স্থলভিত্তিক সরাসরি হামলা ও প্রেসিডেন্টকে আটকের ঘটনাকে ঐতিহাসিক ও নজিরবিহীন মনে করা হচ্ছে।
এই বিষয়ে বিস্তারিত জানাতে ফ্লোরিডার মার-এ-লাগোতে স্থানীয় সময় সকাল ১১টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।
Copyright © 2026 All rights reserved.