প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ভেনেজুয়েলার প্রতিরোধের ডাক
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের মার্কিন দাবির পর পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে দেশটি। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ দেশজুড়ে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়ে বলেন, বিদেশি সেনাদের উপস্থিতি কোনোভাবেই সহ্য করা হবে না। এদিকে, কারাকাসসহ বিভিন্ন রাজ্যে মার্কিন হামলার ঘটনায় দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হামলার পর পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ মাদুরোকে আটকের দাবি করার পরপরই স্প্যানিশ ভাষায় এক ভিডিও বার্তা দেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী। তিনি এই আক্রমণকে ‘ন্যক্কারজনক আগ্রাসন’ হিসেবে অভিহিত করে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
হামলার শিকার এলাকা:
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যমতে, রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যে একযোগে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার পরপরই কারাকাসে অন্তত সাতটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
সম্পদ দখলের অভিযোগ:
ভেনেজুয়েলা সরকারের দাবি, মাদক পাচারের দোহাই দিলেও যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য দেশটির বিশাল তেল ও খনিজ সম্পদ দখল করা। মাদুরো আটক হওয়ার আগে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করেছিলেন, ট্রাম্প ভেনেজুয়েলাকে মার্কিন উপনিবেশ বানাতে চাইছেন।
অন্যদিকে, ট্রাম্পের দাবি—মাদক চোরাচালান বন্ধ করতেই এই ‘যৌথ অভিযান’ চালানো হয়েছে। এই অভিযানের বিস্তারিত জানাতে স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার। বর্তমান এই পরিস্থিতিতে লাতিন আমেরিকায় বড় ধরনের যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
Copyright © 2026 All rights reserved.