প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
আগামীকাল খুলছে সুপ্রিম কোর্ট: এজলাসে বসবেন নতুন প্রধান বিচারপতি
বার্ষিক অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কালই প্রথমবার আপিল বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। এ উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
নতুন বছরের শুরুতেই কর্মব্যস্ততায় ফিরছে দেশের সর্বোচ্চ আদালত। গত ডিসেম্বরের নির্ধারিত ছুটি শেষে আগামীকাল সকাল থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারকাজ শুরু হবে। ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর প্রথম কার্যদিবস।
সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় এই সংবর্ধনার আয়োজন করেছে। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাজসাজ রব ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তবে অবকাশকালীন ছুটি চলায় তিনি এতদিন বিচারিক কার্যক্রমে অংশ নিতে পারেননি। আগামীকাল তাঁর এই যাত্রার মধ্য দিয়ে দেশের বিচার বিভাগে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
Copyright © 2026 All rights reserved.