প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
মুস্তাফিজের পাশে রংপুর রাইডার্স
উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সুযোগ কেড়ে নেওয়া গেলেও সম্মান অর্জন করতে হয় মাঠেই। সাড়ে ১২ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) দল পেলেও রাজনৈতিক ও উগ্রবাদী চাপের কারণে শেষ পর্যন্ত তাকে বাদ দিতে বাধ্য হয় বিসিসিআই।
ভারতের উগ্রবাদী সংগঠনের বিরোধিতার জেরে আইপিএলের ২০২৬ আসর থেকে বাদ পড়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে (প্রায় সাড়ে ১২ কোটি টাকা) কেকেআর তাকে দলে নিলেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন অভিযোগ তুলে মুস্তাফিজের বিরুদ্ধে সরব হয় কিছু গোষ্ঠী। পরিস্থিতির চাপে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর এই বাঁহাতি পেসারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এই নজিরবিহীন ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রংপুর রাইডার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ক্রিকেট বিচার হবে মেধা দিয়ে, দেশের সীমানা দিয়ে নয়। সুযোগ কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু সম্মান অর্জন করতে হয় মাঠেই। আমরা মুস্তাফিজের পাশে আছি।
উল্লেখ্য, ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন মুস্তাফিজ। প্রথম বিদেশি হিসেবে জিতেছিলেন ‘সেরা উদীয়মান ক্রিকেটার’-এর খেতাব। এরপর মুম্বাই, রাজস্থান, দিল্লি ও চেন্নাইয়ের হয়েও মাঠ মাতিয়েছেন তিনি। আইপিএলের এই রাজনৈতিক সিদ্ধান্তকে ক্রীড়াপ্রেমীরা 'ক্রিকেটের পরাজয়' হিসেবে দেখছেন।
Copyright © 2026 All rights reserved.