প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে হাইকোর্টে রিট
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) উচ্চ আদালতে এই আবেদনটি জমা দেওয়া হয়, যেখানে বর্তমান তফসিল স্থগিত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচনের দাবি জানানো হয়েছে।
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। সোমবার (৫ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট শাখায় তিনি এই আবেদনটি দাখিল করেন।
রিট আবেদনে গত ১১ ডিসেম্বর প্রকাশিত নির্বাচন ও গণভোটের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করার আরজি জানানো হয়েছে। এর পাশাপাশি বর্তমানে ঘোষিত তফসিল বাতিল করে একটি অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং তাদের অধীনে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
এই আবেদনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
Copyright © 2026 All rights reserved.