প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
নির্বাচন পরিবেশ নিয়ে সন্তুষ্ট সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল বুথ পরিদর্শন শেষে তিনি জানান, সবার সহযোগিতা থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। এর পাশাপাশি আজ থেকেই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল আবেদন শুরু হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ইতিবাচক রয়েছে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সোমবার সকালে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনী পরিবেশ বর্তমানে সন্তোষজনক পর্যায়ে আছে। একটি সুন্দর নির্বাচন আয়োজনে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
একই দিন থেকে নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। সারাদেশে মোট ১০টি অঞ্চলে ভাগ করে পৃথক ১০টি বুথ থেকে এই আবেদনগুলো সংগ্রহ করা হচ্ছে।
আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আবেদনগুলোর ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী কার্যক্রম চলবে। শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা তার প্রতিনিধি এবং আপিলকারী প্রার্থীকে প্রয়োজনীয় সকল নথিপত্রসহ উপস্থিত থাকতে হবে। তবে আবেদনের সংখ্যার ওপর ভিত্তি করে এই সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে কমিশন।
Copyright © 2026 All rights reserved.