প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
আজ যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হবে নিকোলাস মাদুরোকে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আজ সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ম্যানহাটন আদালতে হাজির করা হতে পারে। মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রে কোকেন চোরাচালানে সহায়তার অভিযোগে অভিযুক্ত মাদুরোকে গত ২ জানুয়ারি এক আকস্মিক সামরিক অভিযানের মাধ্যমে আটক করে মার্কিন বিশেষ বাহিনী। বর্তমানে তিনি ব্রুকলিন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন।
দীর্ঘ উত্তেজনার পর অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি হচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ম্যানহাটন আদালতের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে শুনানি শুরু হবে। মাদক পাচার ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদদ দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মাদুরো যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহে সরাসরি সহযোগিতা করেছেন এবং এর বিনিময়ে বিপুল অবৈধ অর্থ উপার্জন করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলায় বিশাল সামরিক অভিযান পরিচালনা করে মার্কিন বিশেষ বাহিনী 'ডেল্টা ফোর্স'। শতাধিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার নিয়ে চালানো এই অভিযানে সরাসরি সংঘর্ষে অন্তত ৩২ জন কিউবান নাগরিক নিহত হন বলে কিউবা সরকার নিশ্চিত করেছে। এই অভিযানের পরই মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। আজকের শুনানির মাধ্যমে এই আলোচিত গ্রেফতারি ও পরবর্তী আইনি প্রক্রিয়া কোন দিকে যায়, সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব রাজনীতি।
Copyright © 2026 All rights reserved.