প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
মার্কিন অভিযানে ৩২ কিউবান নিহত, ২ দিনের শোক
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের লক্ষ্যে পরিচালিত মার্কিন সামরিক অভিযানে কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) কিউবা সরকার এই তথ্য নিশ্চিত করে নিহতদের স্মরণে ৫ ও ৬ জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। নিহতরা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে সেখানে প্রতিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।
গত ২ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন বিশেষ বাহিনী 'ডেল্টা ফোর্স'-এর অভিযানে ব্যাপক রক্তপাতের খবর পাওয়া যাচ্ছে। কিউবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানিয়েছে, তাদের ৩২ জন নাগরিক—যারা মূলত সামরিক ও গোয়েন্দা বাহিনীর সদস্য ছিলেন—মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন। সরাসরি যুদ্ধ এবং বিভিন্ন স্থাপনায় বিমান হামলার ফলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
দীর্ঘদিন ধরে মাদুরো সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কিউবা ভেনেজুয়েলাকে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা দিয়ে আসছে। কিউবা সরকারের দাবি, তাদের নাগরিকরা সার্বভৌমত্ব রক্ষায় এবং মাদুরোকে রক্ষা করতে গিয়ে ‘বীরোচিত প্রতিরোধ’ গড়ে তুলেছিলেন। এদিকে, মার্কিন অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে, যা লাতিন আমেরিকায় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বিতর্কিত সামরিক হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভেনেজুয়েলার এই অভিযানে ব্যাপক প্রাণহানির কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, এই অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হয়নি। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যদি মাদক উৎপাদন বন্ধ না করেন, তবে সেখানেও একই ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে। ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে পুরো লাতিন আমেরিকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
Copyright © 2026 All rights reserved.