প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
রায়েরবাজারে দাফন করা আরো ৮ শহীদের পরিচয় শনাক্ত
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়ে রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাতনামা হিসেবে দাফন হওয়া আটজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এই তথ্য নিশ্চিত করেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১১৪ জন অজ্ঞাত শহীদের মধ্যে প্রাথমিকভাবে এই আটজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
সোমবার ঢাকায় সিআইডি আয়োজিত অজ্ঞাতনামা শহীদদের মরদেহ শনাক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত অনেক নারী-পুরুষের মরদেহ পরিচয় না পাওয়ায় রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল।
পরবর্তীতে আন্তর্জাতিক মানদণ্ড ও ‘মিনেসোটা প্রোটোকল’ অনুসরণ করে ১১৪টি মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন করা হয়। দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ ও ইউএনএইচসিআরের কারিগরি সহায়তায় এই সংবেদনশীল কাজটি অত্যন্ত স্বচ্ছতার সাথে করা হয়েছে। সংগৃহীত নমুনার সাথে ৯টি পরিবারের ডিএনএ মিলিয়ে আটজন শহীদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
উপদেষ্টা ফারুক ই আজম আরও উল্লেখ করেন, এই শনাক্তকরণ প্রক্রিয়ার ফলে শহীদ পরিবারগুলো তাদের প্রিয়জনের শেষ ঠিকানা খুঁজে পেল, যা জাতির জন্য বড় একটি প্রাপ্তি। এই কার্যক্রম কেবল মানবিক দায়িত্বই নয়, বরং ভবিষ্যতে বিচারিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক তথ্য সংরক্ষণেও বড় ভূমিকা রাখবে।
যদিও এখনো অনেক শহীদের পরিচয় জানা বাকি, তবে সরকার সকল শহীদের পরিচয় শনাক্ত করে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। অনুষ্ঠান শেষে শনাক্ত হওয়া শহীদদের কবরের দায়িত্ব তাদের আত্মীয়দের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং সেখানে একটি স্মৃতি চারা রোপণ ও নামফলক উন্মোচন করা হয়।
Copyright © 2026 All rights reserved.