প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
অংশগ্রহণমূলক নির্বাচনের পথে দেশ: ইসি সানাউল্লাহ
দীর্ঘদিন পর দেশ একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইন্স প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি পুলিশ সদস্যদের দলমতের ঊর্ধ্বে থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান জেলা পুলিশ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার সানাউল্লাহ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন দেশে গণতন্ত্রের অনুপস্থিতি থাকলেও এখন একটি প্রকৃত ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশ বজায় রাখতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করা জরুরি।
তিনি পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের সময় দেশ ও জনগণের স্বার্থে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি এবং পুলিশ সুপার মো. আবদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
Copyright © 2026 All rights reserved.