প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
শিগগিরই বিএনপির নির্বাচনি ইশতেহার: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন, রাষ্ট্র পরিচালনা ও আগামী নির্বাচনকে সামনে রেখে খুব দ্রুতই ইশতেহার প্রকাশ করবে বিএনপি।
সোমবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক দোয়া মাহফিলে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হলে জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপির প্রতি তাদের আস্থার প্রতিফলন ঘটাবে।
আগামী দিনে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ও নির্বাচনি ইশতেহার চূড়ান্ত করার কাজ শুরু করেছে বিএনপি। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এই তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কর্তৃক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, গত রবিবার আমাদের নীতিগত বৈঠক হয়েছে। একটি সফল নির্বাচনের মাধ্যমে জনরায় নিয়ে সরকার গঠন এবং দেশ পরিচালনার রূপরেখা বা ইশতেহার আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেশবাসীর সামনে তুলে ধরব।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। দেশের মানুষ আজ বিশ্বাস করে, আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে এবং তার নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে গ্রহণযোগ্য ও অবাধ করার লক্ষ্যে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, খালেদা জিয়া এ দেশের রাজনীতিতে আপসহীনতার প্রতীক। তিনি নারী শিক্ষার প্রসার ও ক্ষমতায়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। অথচ বিগত সরকারের আমলে এই মহীয়সী নেত্রীকে বিনা চিকিৎসায় অবর্ণনীয় নির্যাতনের শিকার হতে হয়েছে।
দোয়া মাহফিলে আয়োজক কমিটির সভাপতি নূর আফরোজ বেগমসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Copyright © 2026 All rights reserved.